২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক মিজানুর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

উত্ত্যক্তের প্রতিবাদকারী নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমান হত্যাসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 10:26 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের প্রতিবাদকারী নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমান হত্যাসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালনকালে তারা এ দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ঢাবির উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বরাবর দুটি লিখিত দাবি পেশ করেন এবং অবিলম্বে এগুলো কার্যকর করতে সরকারের বিভিন্ন মহলে উত্থাপন করার জন্য অনুরোধ জানান। দাবিগুলো হলো- শিক্ষক মিজানুর রহমান নিহত হওয়ার দিন ২৩ অক্টোবরকে 'ইভটিজিং প্রতিরোধ দিবস' হিসেবে পালন করা এবং উত্ত্যক্ত বিরোধী এমন একটি মাইক্রোবাসের ব্যবস্থা করা, যেটা ঢাবির তত্ত্বাবধানে দেশের বিভিন্ন এলাকায় উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে জনমত গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। মানববন্ধন কালে সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাবি প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, "উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ দু'ই শুরু হয়েছে। এ ধরনের সামাজিক ব্যাধির বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ অবস্থান এটাকে সমূলে উৎপাটন করতে সহায়তা করবে।" উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে আইন প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। ঢাবির কর্মচারী সমিতির নেতা রিয়াজুল ইসলাম বলেন, "ঢাবির ইতিহাস নিয়ে আমরা অনেকে গর্ববোধ করি। কিন্তু উত্ত্যক্তের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে বর্তমান সময়ের শিক্ষার্থীদের নগণ্য উপস্থিতি আমাদেরকে হতাশ করে।" অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সোনিয়া নিশাত, নাট্যকলা বিভাগের শিক্ষক ইসরাফিল শাহীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ফেরদৌস হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন ও ব্র্যাক কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন। দুটি প্রতিবাদী গান পরিবেশন করেন ঢাবির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬১৬ ঘ.