২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'উন্নয়নের জন্য পর্যটন' শ্লোগানে ৩ দিনব্যাপী মেলা

'উন্নয়নের জন্য পর্যটন' শ্লোগান নিয়ে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 10:08 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'উন্নয়নের জন্য পর্যটন' শ্লোগান নিয়ে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন মেলা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদের বৃহস্পতিবার সকালে ঢাকা শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে বেলুন উড়িয়ে 'চতুর্থ ঢাকা পর্যটন মেলা'র উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জিএম কাদের বলেন, "ভারতসহ পৃথিবীর অনেক উন্নত দেশ এখন পর্যটন শিল্পের বিকাশের দিকে দৃষ্টি দিচ্ছে। কারণ, এখাতে বিনিয়োগের তুলনায় লাভ বেশি। এছাড়া এ শিল্পের মাধ্যমে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব হয়। কিন্তু আমাদের ব্যর্থতা, এতদিনেও আমরা তা করতে পারিনি।" "বর্তমান সরকার পর্যটন শিল্পকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এজন্য এ খাতের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এতে এগিয়ে আসতে হবে। এ খাতকে এগিয়ে নেওয়ার যুদ্ধ জয়ে সরকার নেতৃত্ব দেবে, আর বেসরকারি উদ্যোক্তারা সৈনিক হিসেবে সঙ্গে লড়বে", বলেন তিনি। মন্ত্রী বলেন, "পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে দেশব্যাপী প্রচারণার উদ্যোগ নেওয়া হবে। পর্যটন এলাকাগুলোকে সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবন ও এর জীববৈচিত্র রক্ষায়ও পদক্ষেপ নেওয়া হবে।" অনুষ্ঠানে বিমান সচিব শফিক আলম মেহেদী বলেন, "কক্সবাজার ও কুয়াকাটাসহ পর্যটন এলাকাগুলোর প্রতি কাঠা জমি সরকার রক্ষা করবে। এগুলো যথেচ্ছ ব্যবহার করতে দেওয়া হবে না। এসব এলাকায় কোন অননুমোদিত স্থাপনা নির্মাণ বা আইন অমান্য করলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" এক্ষেত্রে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় ধরণের দণ্ডই করা হতে পারে বলে তিনি সতর্ক করে দেন। আগামী শনিবার পর্যন্ত চলবে মেলা। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, পর্যটন বোর্ড ও পর্যটন করপোরেশনের সহায়তায় পর্যটন বিচিত্রা এ মেলার আয়োজন করেছে। এ মেলায় বিভিন্ন আকাশ পরিবহন সংস্থা, পর্যটন সংস্থা, বিনোদন পার্ক, আবাসন কোম্পানি, হোটেল ও মোটেল প্রতিষ্ঠান ও বিনোদন রিসোর্ট সংস্থার ৬৪টি স্টল অংশ নিচ্ছে বলে জানিয়েছেন আয়োজক সংস্থা পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন বেলাল। তিনি বলেন, "পর্যটন শিল্পের বিকাশ এবং সুন্দরবনের পক্ষে প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত এ কার্যক্রম চলবে। এটিকে একটি আন্দোলনে রূপ দেওয়া হবে। প্রয়োজনে সারাদেশে এ নিয়ে প্রচারণার ব্যবস্থা করা হবে।" উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরবন রক্ষা আন্দোলনের মেজর জিয়াউদ্দিন আহমেদ (অব.) ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেদায়েত উল্লাহও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৫৫০ ঘ.