২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদ ধসে আহত ৫ স্কুলশিশু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি সরকারি বিদ্যালয়ের ছাদ ধসে আহত হয়েছে পাঁচ শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 09:40 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি সরকারি বিদ্যালয়ের ছাদ ধসে আহত হয়েছে পাঁচ শিশু। নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ক্লাস চলার সময় এ ঘটনা ঘটে বলে শিক্ষকরা জানিয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আসিফ রায়হান (৯) মোহাম্মদ নিশাত (৯) ও কালু মিয়া (৮)। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১১টার দিকে দ্বিতীয় শ্রেণীর ক্লাস চলাকালে হঠাৎ করে ছাদের বিম ভেঙে পড়ে। রক্তাক্ত অবস্থায় পাঁচ শিশুকে হাসপাতালে পাঠানো হয়।" বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবির উদ্দিন জানান, স্কুলটি মেরামতের জন্য চার মাস আগে আবেদন করা হয়। "যথাসময়ে মেরামত করলে এ দুর্ঘটনা এড়ানো যেতো", বলেন তিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে নবীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর শুনে সেখানে একজন শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.