২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবদল-যুবলীগ পাল্টাপাল্টি ধাওয়া

বরিশালের গৌরনদী উপজেলায় যুবদল ও ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

বরিশাল, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় যুবদল ও ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যুবদল নেতারা অভিযোগ করেন, সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলায় তাদের ২০ নেতা-কর্মী আহত হয়েছে। তবে উপজেলা যুবলীগ এ হামলার অভিযোগ অস্বীকার করেছে। বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।" তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১০টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌর যুবদলের শোভাযাত্রা শুরুর আগে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা সংগঠনটির কার্যালয়ে থাকা জিয়াউর রহমানের ছবি, চেয়ার-টেবিল এবং পাশের একটি আলমারির দোকান ভাংচুর করে। যুবদল নেতা আহত ১৭ জনের নাম জানিয়েছেন। এরা হলন- উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাসান মিটু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মিয়া, ফারুক সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মোল্লা মাহফুজ, যুবদল নেতা খলিল হাওলাদার, এনায়েত মোল্লা, পলাশ গাজী, ফিরোজ হাওলাদার, জাহিদুল ইসলাম, সুজন মোল্লা, মনির গাজী, ছালাম সরদার, স্বপন মোল্লা, ছালাম বেপারী, মানিক মৃধা, ছাত্রদল নেতা লিটন ঘরামী, সিফাত উল্লাহ রাসেল। গৌরনদী থানার ওসি নুরুল ইসলাম জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদল শোভাযাত্রা বের করলে ছাত্রলীগ ও যুবলীগের একটি মিছিল থেকে তাদের ধাওয়া করা হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাংচুর কিংবা হামলায় আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।" উপজেলা যুবলীগের আহবায়ক মো. হারিছুর রহমান হারিছ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম বলেন, যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে তাদের নিজেদের মধ্যে হামলা পাল্টা-হামলার ঘটনা ঘটেছে। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর শাখার ব্যানারে সকাল ১০টায় শহরের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে একই সময়ে পৃথক সভা করে যুবদলের দুই গ্র"প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০৩৯ ঘ.