২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলি-ইন্টারনেট যোগাযোগ ব্যাহত হতে পারে বৃহস্পতিবার

বৃহস্পতিবার রাতে তিন ঘণ্টা বাংলাদেশ থেকে বিশ্বের অন্য দেশে টেলিযোগাযোগ এবং দেশে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার রাতে তিন ঘণ্টা বাংলাদেশ থেকে বিশ্বের অন্য দেশে টেলিযোগাযোগ এবং দেশে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ১টা থেকে ৪টা পর্যন্ত এ সমস্যা হতে পারে বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন। এ সমস্যা মোকাবেলায় ম্যাঙ্গো টেলি সার্ভিসেসের ভি-স্যাট ও বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চারটি স্যাটেলাইট ব্যবহার করা হবে। তাছাড়া বিটিআরসির অনুমোদিত ভি-স্যাটগুলোও সচল থাকবে বলে জানান তিনি। "ওই সময় ব্যবহারকারীর সংখ্যা বেশি না হওয়ায় খুব একটা সমস্যা হবে না," বলেন মনোয়ার। এসইএ-এমই-ডব্লিউই-৪ (দক্ষিণপূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইওরোপ-৪) রুটের দুটি রিপিটার প্রতিস্থাপন হবে শুক্রবার। এ জন্য বৃহস্পতিবার রাত ১টা থেকে ৪টা পর্যন্ত পাওয়ার কনফিগারেশনের জন্য ওই রুটের সিঙ্গাপুর থেকে মুম্বাই পর্যন্ত সবকটি স্টেশন বন্ধ থাকবে বলে জানান তিনি। মনোয়ার বলেন, "রিপিটার প্রতিস্থাপনকালীন সঙ্কট মোকাবিলায় ইতোমধ্যে ইতালি থেকে প্রয়োজনীয় ব্যান্ডউইথ ভাড়া করা হয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরের সঙ্গে ভারতের চেন্নাই হয়ে ভারতী এয়ারটেলের নিজস্ব সাবমেরিন কেবল আইটুআইয়ের সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। "তাই ভয়েস ও ডেটা সার্ভিসে সমস্যা হবে না।" সার্কিট রি-রাউটিং ও নতুন ব্যান্ডউইথ সংযোগের মাধ্যমে ভয়েস ও ইন্টারনেট সার্কিটগুলো চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মনোয়ার। রিপিটার প্রতিস্থাপন কাজ শেষ হবে ১ নভেম্বর। আগামী শুক্রবার থেকে টানা চারদিন এ কাজ চলবে। শুক্রবার থেকে মালয়েশিয়ার ল্যান্ডিং স্টেশন মালাকা থেকে থাইল্যান্ডের সাতুনের দিকে তিনশ ১৬ কিলোমিটার দূরে দুটো রিপিটার প্রতিস্থাপন করা হবে। এ সময় মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ভয়েস এবং ডেটা ট্রাফিক ব্যাহত হবে। তবে পশ্চিম ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে সমস্যা হবে না। এটি প্রতিস্থাপন শুরু হওয়ার কথা ছিলো চলতি মাসের ১ তারিখ থেকে। পরে ভারতের টাটা কোম্পানির একটি কেবল মেরামতের জন্য ১৭ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়। পরে তৃতীয় দফায় ২৯ অক্টোবর নির্ধারণ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০২৮ঘ.