ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীসহ ঢাকা জেলার সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ২০১১ সালের জন্য আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে নবায়ন করা যাবে।
১ ডিসেম্বর থেকে নবায়ন শুরু হয়ে চলবে ২০১১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এ সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় ফি বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমা দিয়ে চালানের মূলকপি মূল লাইসেন্সের সঙ্গে দাখিল করতে হবে।
২০১১ সালের জন্য নবায়ন ফি- পিস্তল, রিভলভার ও রাইফেল প্রতিটি দুই হাজার টাকা। দোনলা ও একনলা বন্দুক প্রতিটি আটশ' টাকা। অন্যান্য অস্ত্রের নবায়ন ফি প্রতিটি চারশ' টাকা।
এছাড়া পিস্তল, রিভলবার, বন্দুকের ডিলিং ও মেরামত লাইসেন্স প্রতিটি পাঁচশ টাকা এবং রাইফেল ডিলিং লাইসেন্স ও রাইফেল মেরামত লাইসেন্স ফি প্রতিটি দুশ ৫০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২০২ঘ.
bdnews24