২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকায় বাসের ধাক্কায় রোখসানা পারভীন জিমি (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকায় বাসের ধাক্কায় রোখসানা পারভীন জিমি (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বিকাল সোয়া ৪টায় দুর্ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা সাড়ে ৪টার দিকে নয়াবাজার সংলগ্ন নগরীর ব্যস্ততম বিশ্বরোড আধঘণ্টা অবরোধ করে রাখে এবং সড়কে টায়ার জ্বালিয়ে দেয়। নিহত পারভীন নগরীর সরাইপাড়া সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পাশ করেন। তিনি হালিশহর নয়াবাজার এলাকার মাওলানা বাড়ির হামিদ মিয়ার মেয়ে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সোয়া ৪টার দিকে নয়াবাজার মোড়ে একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগামী বাস ধাক্কা দিলে কলেজছাত্রী পারভীন গুরুতর আহত হন। তাকে বেসরকারি একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি জানান, ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন নয়াবাজার মোড় সংলগ্ন বিশ্বরোডে অবেরাধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯২৯ঘ.