ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৮২ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সংস্থাপন মন্ত্রণালয়।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটে বিভিন্ন পদে এ নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশিজন নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য ক্যাডারে। নিয়োগ পাওয়াদের আগামী ১ ডিসেম্বর থেকে কাজে যোগ দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ৭০৬ জন। প্রশাসন ক্যাডারে সহকারী সচিব পদে নিয়োগ পেয়েছেন ১৮৪ জন। পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ পেয়েছেন ১৮৩ জন এবং কৃষি ক্যাডারে নিয়োগ পেয়েছেন ১১৬ জন।
সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেন, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২১৯০ জনকে নিয়োগের সুপারিশ করেছিলো। তবে এদের মধ্যে ৪৪ জনের স্বাস্থ্য পরীক্ষার সনদ পাওয়া যায়নি।
এছাড়া ৬৪ জনের পুলিশ ছাড়পত্র সনদ না আসা এবং মামলা থাকায় তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
তিনি বলেন, পরে এসব মামলা নিষ্পত্তি হলে ও পুলিশ ছাড়পত্র এলে পর্যায়ক্রমে তাদের নিয়োগ দেওয়া হবে।
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় নিয়ে ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয় গত ৩ জুন। এতে মোট ৫ হাজার ১০৫ জন উত্তীর্ণ হলেও ২ হাজার ১৯০ জনকে ক্যাডার পদে চাকরির জন্য সুপারিশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৬২৫ ঘ.
bdnews24