ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতির এখতিয়ার জানিয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ চেয়ে করা রিট আবেদনটি নিস্পত্তি করে দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার দেওয়া হাইকোর্টের রায়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি চাইলে যে কোনো যোগ্য ব্যক্তিকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন।
তবে এই নিয়োগের ক্ষেত্রে তিনি পরামর্শ নিতে পারেন বলে রায়ে বলা হয়।
বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবাইদুল হাসানের বেঞ্চ মঙ্গলবার সুপ্রিম কোর্টের চার আইনজীবীর করা রিট আবেদন নিষ্পত্তি করে দেন।
রায়ে বলা হয়, "সংবিধানের কোথাও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতার ক্রম অনুসরণের বিধান রাখা হয়নি।
"যদি রাষ্ট্রপতি জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ না করে মেধার ভিত্তিতে অন্য কোনো যোগ্য ব্যক্তিকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেন, সেক্ষেত্রে কোনো কারণ জানানোর বিধান সংবিধানে রাখা হয়নি।"
রায়ের পর রিট আবেদনকারী ব্যরিস্টার হাসান এমএস আজীম সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।"
গত ২২ অগাস্ট ব্যারিস্টার আজীম, ব্যরিস্টার রিয়াজ উদ্দিন, ব্যারিস্টার শাকিলা ফারজানা ও অ্যাডভোকেট আব্দুস সালাম হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন।
আবেদনে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতার ক্রম ভঙ্গ না করা ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নিয়োগের ক্ষেত্রে লিখিতভাবে কারণ জানানোর জন্য নির্দেশ চাওয়া হয়।
শুনানিতে হাসান আজীম বলেন, "১৯৭২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি সাংবিধানিক রীতিতে পরিণত হয়েছে।"
তিনি দাবি করেন, অতীতে জ্যেষ্ঠতার ক্রম ভঙ্গ করে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত চার থেকে পাঁচ বার মেধার বদলে রাজনৈতিক বা অন্য কোনো কারণে নিয়োগ দেওয়া হয়েছিলো।
আজীম বলেন, মেধা যাচাই করার সুনির্দিষ্ট কোনো প্রক্রিয়া সংবিধানে উল্লেখ নেই। ফলে ক্ষমতা অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে। এটি বিচার বিভাগের স্বাধীনতার জন্য অত্যন্ত ক্ষতিকর।
আদালতে সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬১৬ ঘ.
bdnews24