২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সংঘর্ষ ৮ পুলিশসহ আহত ১১

খাগড়াছড়ি খবংপুড়িয়া-মহাজন পাড়ায় একটি বিয়েকে কেন্দ্র করে সংঘর্ষে ৮ পুলিশসহ ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 05:03 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

খাগড়াছড়ি, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি খবংপুড়িয়া-মহাজন পাড়ায় একটি বিয়েকে কেন্দ্র করে সংঘর্ষে ৮ পুলিশসহ ১১ জন আহত হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে এ সংঘর্ষ ঘটে। আহতরা হলেন সদর থানার ওসি মো. আবুল কালাম আজাদ, এসআই মো. আবুল হাসেম, এসআই সুবীর দত্ত, কনস্টেবল মো. মিনহাজুর রহমান, মো. কামাল উদ্দিন, মো. রায়হান শরিফ, মো. আনোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, খবং পুড়িয়া এলাকার পৌর কাউন্সিলর মিলন দেওয়ান, মহাজন পাড়ার কাকন চাকমা, সুপন চাকমা। ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কদমতলী এলাকার নরেশ চাকমা নামের এক যুবকের সঙ্গে মিলনপুরের একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও মেয়েটির পরিবার মহাজন পাড়ার সীবলী চাকমা নামের এক যুবকের সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক করে। সোমবার রাতে মিলনপুরে মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। ওদিকে মেয়েটির বিয়ের খবর শুনে প্রেমিক নরেশ চাকমা তার সঙ্গী-সাথীদের নিয়ে রাত ৩ টার দিকে মেয়ের বাড়িতে গিয়ে বিয়েতে বাধা দেয়। হৈচৈ শুনে এলাকাবাসী এগিয়ে আসে এবং একপর্যায়ে তারা প্রেমিকের পক্ষ ও বরের পক্ষ-দুভাগে বিভক্ত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে বরপক্ষ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এসময় পুলিশের সঙ্গে বরের সমর্থক এলাকাবাসীর সংঘর্ষ বেধে যায়। এই ঘটনায় কৌশিক চাকমা (১৮) ও অপূর্ব চাকমা (১৮) নামের দুই জনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০৫৮ ঘ.