ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান পুনর্মুদ্রণ হলে ধর্মভিত্তিক দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে- একদিন আগে বললেও সে বক্তব্য থেকে সরে এসেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি সোমবার দাবি করেছেন, তার বক্তব্য 'ভুলভাবে' উদ্ধৃত করা হয়েছে।
আইনমন্ত্রী সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "আমার কথাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। আমি ধর্মভিত্তিক বা ইসলামী দল নিষিদ্ধ হওয়ার কথা বলিনি।"
মন্ত্রী এখন বলছেন, "সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে শুধু ধর্মভিক্তিক বা ইসলামী রাজনৈতিক দলই নয়, যে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন।"
রোববার ইউরোপীয় ইউনিয়নের দূত স্টিফেন ফ্রোইয়েনের সঙ্গে বৈঠকের পর শফিক আহমেদ বলেছিলেন "ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে নতুন আইন করতে হবে না; উচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ হলেই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে।"
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরই মন্ত্রী সাংবাদিকদের বললেন, তার বক্তব্য 'ভুলভাবে' উপস্থাপন করা হয়েছে।
গত সোমবার মন্ত্রিসভার আগের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সংবিধান সংশোধন করলেও সরকার কোনো ইসলামী দল নিষিদ্ধ করবে না। যা একাধিক মন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24