চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন আন্দোলনের পর অবশেষে চট্টগ্রাম বন্দরে কর্মরত শ্রমিকদের পরিচয়পত্র দিতে শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।
সোমবার সকালে বন্দর ফায়ার সার্ভিস সংলগ্ন নিরাপত্তা কার্যালয়ে প্রথমদিনে ১০০ শ্র্রমিককে পরিচয়পত্র দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দিন।
বন্দরের পরিচালক (নিরাপত্তা) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের পূর্ব দাবি অনুযায়ী কর্তৃপক্ষ সকাল থেকে পরিচয়পত্র দেওয়া শুরু করেছে। কর্মরত সব শ্রমিককে পর্যায়ক্রমে এ পরিচয়পত্র দেওয়া হবে।"
এ পরিচয়পত্রের মেয়াদ প্রাথমিকভাবে তিন বছরের উল্লেখ করে তিনি জানান, মেয়াদ শেষে নতুন অপারেটর নিয়োগ হলে তা আবার নবায়ন করা হবে।
পরিচয়পত্র বিতরণকালে চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল কামরুল ইসলাম, পরিচালক (ট্রাফিক) গোলাম সারোয়ারসহ বন্দর সিবিএ নেতারা উপস্থিত ছিলেন। তবে এ সময় আন্দোলনকারী সংগঠন ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের কোন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন না।
এ প্রসঙ্গে ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে শুনেছি। তবে বন্দর কর্তৃপক্ষ কিভাবে ও কিসের ভিত্তিতে কার্ড দিচ্ছে তা আমরা জানি না।"
বন্দরের কর্মরত শ্রমিকরা পরিচয়পত্র প্রদান, যাচাই-বাছাইকৃত শ্রমিকদের নিয়োগ, শ্রমকিদের সকল প্রকার কল্যাণমূলক ভাতা চালুসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো।
এর জের ধরে গত ১০ অক্টোবর থেকে শ্রমিকরা বন্দরে নিয়োগপ্রাপ্ত বার্থ অপারেটরদের কাজে বাধা দেয় ও হামলা করে। ১২ টি কন্টেইনার ও সাধারণ পণ্যবাহী জেটিতে কাজ বন্ধ করে দেয় তারা।
১৩ অক্টোবর বার্থ অপারেটরদের ওপর হামলার পর বন্দরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। ওই দিনই নৌপরবিহনমন্ত্রী শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন।
এর আগে শনিবার বিকালে বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য ৩০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল চালু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩১২ ঘ.
bdnews24