চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে রোববার রাত ন'টার পর থেকে গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক হয়ে আসে।
নগরীর নাসিরাবাদ সংলগ্ন সেনানিবাস এলাকায় গ্যাস পাইপলাইন ফেটে যাওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
এতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জিএম (অপারেশনস) শহীদ আলী রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ন'টার পর থেকে বন্দরনগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক হয়ে আসে।
এর আগে তিনি জানান, সকাল ন'টার দিকে নাসিরাবাদে সেনানিবাসের ভেতরে একটি বহুতল ভবনের পাইলিং করার সময় গ্যাসের সরবরাহ লাইনে ফাটলের সৃষ্টি হয়। দিনভর চেষ্টা চালিয়ে পাইপলাইন মেরামত করা হয়েছে। রাত ১০ টার মধ্যেই নগরীর সব এলাকায় গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়ে আসবে।
সকাল ন'টা থেকে নগরীর বালুছড়া, অক্সিজেন, ফতেয়াবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চাঁন্দগাও, বহদ্দারহাট, বাকলিয়া, জামালখান, দেওয়ানবাজার, আগ্রাবাদসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া অনেক এলাকায় গ্যাস সরবরাহ কমে যায়।
এতে সকাল থেকে বাসা-বাড়িসহ সংশ্লিষ্ট এলাকার গ্যাসনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় এবং হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকে।
ওইসব এলাকার কোনো বাসায়ই সকালে ও দুপুরে রান্না হয়নি। আত্মীয়-স্বজনদের বাড়ি থেকে খাবার এনে অনেকেই মধ্যাহ্ন ভোজ সারতে বাধ্য হন।
চবির শাহ আমানত হলের আবাসিক শিক্ষার্থী দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্যাস না থাকায় দুপুরে ক্যাম্পাসের কোনো হলে ও আশপাশের রেস্তোরাঁয় রান্না হয় নি। প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী শুকনো খাবার খেয়ে দিন কাটায়।
ক্যাম্পাসে গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মো. আকতার হোসেন।
নগরীর দেওয়ানবাজার এলাকার গৃহিনী সাগর প্রভা ধর (৫০) বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সকাল ন'টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। সারাদিন বাসায় কোনো রান্না হয়নি।
তিনি জানান, পাথরঘাটার এক আত্মীয়ের বাসা থেকে খাবার এনে মধ্যাহ্ন ভোজ সারতে হয় তার পরিবারের সদস্যদের।
কর্ণফুলী গ্যাস লিমিটেডের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম সেনানিবাসের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের আবাসিক এলাকার একটি প্লটে শনিবার থেকে পাইলিংয়ের কাজ চলছিল। ফলে পাশের গ্যাস সরবরাহের ২০ ইঞ্চি ব্যাসের প্রধান পাইপলাইনটি ফেটে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২২৫৬ ঘ.
bdnews24