২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে ভর্তুকি বাড়াবে সরকার

উচ্চ মুদ্রাস্ফীতির কথা স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, খাদ্যে ভর্তুকি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 12:35 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মুদ্রাস্ফীতির কথা স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, খাদ্যে ভর্তুকি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। রোববার জাতীয় প্রেস ক্লাবে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ই আর এফ) এক অনুষ্ঠানে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক বাজারের দাম বাড়ার কারণে দেশীয় বাজারে পণ্যের দাম বাড়ছে। যদিও বাংলাদেশ ব্যাংকের উপাত্ত অনুযায়ী, মুদ্রাস্ফীতি গত জুন থেকে অগাস্টের মধ্যে ৮.৭ থেকে ৭.৬ শতাংশে নেমে এসছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে স্থানীয় বাজারে দাম কমার সম্ভাবনা নেই।" এ অবস্থাকে "উদ্বেগজনক' অভিহিত করে মুহিত জানান, সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর চিন্তাভাবনা করছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার খাদ্যে ভর্তুকি বাড়াবে। কিন্তু এই ভর্তুকি কীভাবে দেওয়া হবে সে সম্পর্কে সুস্পষ্ট করে কিছু বলেন নি অর্থমন্ত্রী। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার সাধারণত কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এবং খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম পরিচালনা করে থাকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইআরএফ-এর সভাপতি মনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আবু কাউসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এইচএ/১৮২৯ ঘ.