গোপালগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু এবং গ্রাম পুলিশসহ ছয় জন আহত হয়েছে।
সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে শুক্রবার দুপুরে বজ্রপাতে হতাহতের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। হতাহতরা একটি গাছ কাটছিলেন।
মৃতরা হলেন- দক্ষিণ ফুকরা গ্রামের কাবিল মোল্লার ছেলে হোসেন আলী মোল্লা (৩২) এবং পাচু খানের ছেলে কবির হোসেন খান (৩০)।
আহতরা হলেন ফুকরা ইউনিয়নের গ্রাম পুলিশ ফারুক হোসেন (৪০), ফুকরা গ্রামের মিলন মিনা (২৫), মন্নু খোন্দকার (৩০), আলমগীর হোসেন (৪০), ঝিলু মোল্লা (২৫) ও ফলসী গ্রামের পারভেজ (১২)।
আহতদের মধ্যে পাঁচজনকে গোপীনাথপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পারভেজকে পাঠানো হয়েছে গোপালগঞ্জ সদর হাসপাতালে।
গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নওশের আলী সাংবাদিকদের বলেন, দুপুরে গ্রামের সিরাজ খানের একটি গাছ কাটা হচ্ছিলো। ওই সময় বজ্রপাত হলে দুই গাছকাটা শ্রমিক মারা যায়। আহত হয় সেখানে থাকা অন্য ছয়জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৬ ঘ.
bdnews24