নাটোর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন এক নারী।
স্থানীয়রা বলছে, দুই ছেলেকে মারতে এসে না পেয়ে তাদের মা হাসিনা বেগমকে (৪২) গলাকেটে হত্যা করে সন্ত্রাসীরা।
হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেছেন, হত্যার কারণ অনুসন্ধান এবং হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শুক্রবার ভোররাতে বড়াইগ্রাম উপজেলার গারফা গ্রামের উত্তরপাড়ায় হযরত আলীর বাড়িতে হানা দেয় সন্ত্রাসীরা। নিহত হাসিনা তারই স্ত্রী। হামলায় আহত হয়েছেন হযরত আলীও।
হযরতের প্রতিবেশী আব্দুল জলিল ও আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, রাত ৩টার দিকে হযরতের বাড়ি থেকে চিৎকার-চ্যাঁচামেচি শুনে তারা গিয়ে হাসিনার গলাকাটা লাশ পায়। হযরত আলীকেও জবাই করার চেষ্টা হয়েছিলো।
হযরত আলীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হযরত আলী প্রতিবেশীদের বলেছেন, হামলাকারীরা তার যমজ দুই ছেলে হাবিবুল ইসলাম ও ফিরোজ আহম্মেদকে খোঁজাখুজি করে। তাদের না পেয়ে হাসিনাকে জবাই করে। হযরত আলীর গলায়ও ছুরি ধরলে তিনি বলেন, তার দুই ছেলে তাদের চাচা ওমর আলীর বাড়িতে আছে। তখন সন্ত্রাসীরা হযরত আলীকে ফেলে ওমর আলীর বাড়িতে ছুটে যায়।
তবে ওই সময় গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়।
হত্যাকাণ্ডের পর সকালে নাটোরের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম ও ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান।
হাসিনার লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসিনার বড় ছেলে হাসিনুর রহমান বড়াইগ্রাম থানায় একটি হত্যামামলা করেছেন। তবে মামলায় কোনো আসামির নাম দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪০ ঘ.
bdnews24