ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'গিরি'র প্রভাবে কক্সবাজার উপকূলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬-৮ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার দুপুরে অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সন্ধ্যা কিংবা রাত নাগাদ মিয়ানমারের সিটুইয়ের কাছ দিয়ে কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরসমূহ এবং উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।
ওদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বৃহস্পতিবার রাত থেকেই চট্টগ্রাম ও কক্সবাজারে পূর্বপ্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
ঘূর্ণিঝড়টির কারণে কক্সবাজার বন্দরে ০৫ নম্বর বিপদ সঙ্কেত, চট্টগ্রাম বন্দরে ০৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সঙ্কেত এবং মংলা বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
বুলেটিনে বলা হয়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'গিরি' সামান্য উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর ১২টায় টেকনাফের ২২৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দরের ২৯৫ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্র বন্দরের ৩৯০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্র বন্দরের ৫২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিলো।
বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এতে বলা হয়, ঘূর্ণিঝড় ও পূর্ণিমার প্রভাবে কক্সবাজার এবং তার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬-৮ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। একই প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
সাগর খুবই উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বুলেটিনে।
এর আগে এ মাসের প্রথম দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট আরেকটি নিুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হয়েছিলো। তখন ঝড়ে নৌকাডুবি ও ঘরচাপা পড়ে বিভিন্ন স্থানে ১৬ জনের মৃত্যু হয়।
পূর্বপ্রস্তুতি:
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা হয়। সভায় ঝড়ের আগেই উপকূলের মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়াসহ পরবর্তী কার্যক্রম নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত হয়।
কক্সবাজার সমুদ্র বন্দরকে দুপুর ১২টার দিকের বুলেটিনে ৫ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
কর্মকর্তারা জানিয়েছেন, সতর্কতা সঙ্কেত ৬ নম্বর দেওয়া হলে তখনই উপকূলের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেডক্রিসেন্টকে উদ্ধার, বিশুদ্ধ পানির জন্য সিভিল সার্জন, জেনারেটরের জন্য কক্সবাজার পৌরসভা ও শুকনো খাবারের জন্য জেলা ত্রাণ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বোট মালিক সমিতি ও পরিবহন মালিক সমিতিকে সতর্ক রাখা হয়েছে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য।
জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, স্থানীয় বাসিন্দাদের জানমাল রক্ষায় প্রশাসন পূর্বপ্রস্তুতিমূলক সব ধরনের ব্যবস্থা নিয়েছে। জেলার উপকূলীয় অঞ্চলসহ আট উপজেলার নির্বাহী কর্মকর্তাদের ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্বপ্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় 'গিরি' শুক্রবার কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে
bdnews24