২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 07:04 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

গাজীপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইয়াছিন চৌধুরী (৩২) সালনা এলাকার হ্যাপি নিট কারখানার শ্রমিক ছিলেন। তিনি দক্ষিণ সালনা মধ্যপাড়ার প্রয়াত আমিন উদ্দিনের ছেলে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে একটি টেলিফোন পেয়ে ইয়াছিন কারখানায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিন্তু বাড়ি না ফেরায় রাত ২টার দিকে তার স্ত্রী রূপালী আক্তার তাকে খুঁজতে কারখানায় যান। কিন্তু কারখানায় কেউ ইয়াছিনের সন্ধান দিতে পারে নি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দক্ষিণ সালনায় একটি বাঁশঝাড় থেকে গলায় রশি বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। শহিদুল ইসলাম জানান, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৩০০ ঘ.