চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মেয়র এম মনজুরকে আলমকে অবৈধ এবং নির্বাচন বাতিল বা নিজেকে জয়ী ঘোষণার দাবিতে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর করা মামলা বাতিলের আবেদন নাকচ হয়েছে।
বুধবার দুপুরে প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইবুনালের বিচারক গোলাম ফারুক আবেদন নাকচ করে আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।
বাদি পক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়র মনজুর নির্বাচনী হলফনামায় প্রকৃত তথ্য গোপন করেছেন। নির্বাচনী বিধি মোতাবেক নির্বাচনের ফল অবৈধ ঘোষণার এখতিয়ার ট্রাইবুনালের রয়েছে।
নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে মনজুরের বিরুদ্ধে গত ১৮ জুলাই নির্বাচনী ট্রাইবুনালে এ মামলা করেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
মামলার এজাহারে মনজুর আলমের মালিকানাধীন একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের করা মামলায় ১৭ লাখ ২৩ হাজার পাঁচশ টাকা জরিমানা আদায়ের বিষয়টি হলফনামায় উল্লেখ না করা, নির্বাচন বিধিমালা ভঙ্গ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়।
মেয়র মনজুর গত ১৭ অগাস্ট এ মামলা সরাসরি খারিজের আবেদন করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন হয় গত ১৭ জুন। এতে মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৯৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মনজুর আলম।
ইফতেখার বলেন, "আদালত শুনানি শেষে মনজুর আলমের খারিজের আবেদন খারিজ করে মামলা চলার নির্দেশ দেন।"
গত ৫ অক্টোবর খারিজ সংক্রান্ত শুনানি হলেও আদালত কোনো নির্দেশনা না দিয়ে বুধবার নতুন দিন নির্ধারণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯০৯ঘ.
bdnews24