সিরাজগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের শাস্তি দিতে বেত ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ হলেও সিরাজগঞ্জের এক স্কুলে শিক্ষকের বেত্রাঘাতে আহত হয়েছে এক ছাত্র।
জেলা শহরের বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে বুধবার ঘটেছে এই ঘটনা। খবর শুনে পুলিশ গেলেও অভিভাবকের সঙ্গে আলোচনা করে তা মিটিয়ে ফেলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আহত শিক্ষার্থী ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর আশিক। অভিযুক্ত শিক্ষকের নাম রইস উদ্দিন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লতিফা খানম সাংবাদিকদের জানান, সকালে প্যারেড চলাকালে লাইনের পেছনে কয়েকজন ছাত্র এলোমেলো দাঁড়ালে সহকারী শিক্ষক রইস উদ্দিন গিয়ে শিক্ষার্থীদের শাসন করেন।
ছাত্ররা জানায়, শিক্ষক রইস উদ্দিন গিয়ে বেধড়ক বেত্রাঘাত করলে ডান হাতের কনুই কেটে রক্ত বেরিয়ে পড়ে।
সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে শিক্ষক ও অভিভাবক আলোচনা করে তা মিটিয়ে ফেলে।
আশিকের বাবা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টির মীমাংসা হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.
bdnews24