যশোর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাত ৮টার পর বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দোকান খোলা রাখার অপরাধে আটক ও জরিমানা করার প্রতিবাদে যশোরে ব্যবসায়ীরা বুধবার অর্ধদিবস ধর্মঘট পালন করেছে।
বুধবার সকালে যশোরের সবকটি ব্যবসায়ী সংগঠন শহরে এ ধর্মঘটের ডাক দেয়। এতে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো।
মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শহরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন ব্যবসায়ীকে আটক করে।
রাত ৮টার পর বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দোকান খোলা রাখার অপরাধে আদালত তাদের এ শাস্তি দেয়। তাদের প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানাও করা হয়।
কাপুড়িয়া পট্টিতে অভিযান চালানোর সময় ব্যবসায়ীরা এক জোট হয়ে প্রতিবাদ জানায়। এ সময় জাহাঙ্গীর নামে এক কাপড় ব্যবসায়ী একটি ইজি বাইক ভাংচুর করলে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এর প্রতিবাদে ব্যবসায়ীরা রাতেই কোতয়ালি মডেল থানা দুই ঘণ্টা ঘেরাও করে রাখে।
কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতের ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছে। শহরের সব দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো।"
তিনি জানান, বেলা সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীরা মিছিল বের করে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এ সময় ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনকে প্রত্যাহারের দাবিতে শ্লোগান দেওয়া হয়।
পরে জেলা প্রশাসক মো. নুরুল আমীন বেলা ১১টার দিকে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।
বেলা সাড়ে ১১টার দিকে চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি আটক ব্যবসায়ীদের আইনী প্রক্রিয়ায় মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন।
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, "এক মাসের আটকাদেশ পাওয়া ব্যবসায়ী জাহাঙ্গীরকে বেলা দেড়টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন দেওয়া হয়েছে।"
ওদিকে বৈঠকের পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ চেম্বার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন যাতে কোনো ভ্রাম্যমাণ আদলতের দায়িত্বে না যান সে জন্য তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা প্রশাসনের নিদের্শনায় দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। এতে বাধা দেওয়ায় ব্যবসায়ীদের আটক ও জরিমানা করা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৬১৯ ঘ.
bdnews24