ঝিনাইদহ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এক স্বাস্থ্য কর্মকর্তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত বজলুর রহমান (৪৫) মহেশপুর স্বাস্থ্য বিভাগে স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে শৈলকূপার আহসাননগরে তিনি খুন হন বলে পুলিশ জানিয়েছে।
বজলুরের বাড়ি শৈলকূপার রানীনগর গ্রামে।
ঝিনাইদহের পুলিশ সুপার রেজাউল করিম সাংবাদিকদের জানান, আহসাননগরে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের পাশে বজলুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, বজলুর মারা গেছেন।
পুলিশ সুপার বলেন, বজলুরের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.
bdnews24