পঞ্চগড়, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় 'পাগলা' কুকুরের কামড়ে গত দু'দিনে মহিলা ও শিশুসহ কমপক্ষে ৪৫জন আহত হয়েছে।
কুকুরের উপদ্রবে স্কুলগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দর্জিপাড়া, কলেজপাড়া, পুরাতন বাজার, শতদল আদর্শ গ্রাম, মাগুরা, মমিনপাড়া, সর্দারপাড়া ও শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকার লোকজন কুকুরের কামড়ের শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার ভোরে ১৫-২০টি কুকুর কাজিপাড়া সীমান্তে কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত এসব কুকুরের কামড়ে কমপক্ষে ৪৫ জন আহত হয়।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত কয়েকদিন ধরে কুকুরের উপদ্রব বেড়েছে। এ ইউনিয়নের ৩৫ জনকে কুকুরে কামড়েছে।"
আহতদের মধ্যে ২০ জনের নাম জানা গেছে।
এরা হলেন- দর্জিপাড়ার হাসিনুর রহমান (৪), সাবিনা (১০), আমেনা (২২), সবুরা (৪০), সোহেল (১৪), শতদল আদর্শ গ্রামের আব্দুল মান্নান (৪৫), রহিম বাদশা (২৫), আলম (৬), মাগুড়া গ্রামের শুকুর আলী (১২), ফজলুল হক (৫০), জেসমিন (৩), কলেজপাড়া গ্রামের রৌশনআরা (৩৫), জামাল (২৮), তেলিপাড়া গ্রামের জাকারিয়া (৫), আজগর আলী (১২), কলোনীপাড়া গ্রামের আলম (২০), মুক্তা (৩), সাহেবজোত গ্রামের জহিরুল (৪০), মমিনপাড়া গ্রামের আবুল কাশেম (৬০) ও বোয়ালমারী গ্রামের মিনহাজ (৩২)।
কলোনীপাড়া গ্রামের আলম ও দর্জিপাড়ার আমেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ি থেকে বের হয়ে তারা একদল কুকুরের কবলে পড়ে।
কলোনীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, "কুকুরের ভয়ে স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে। ৫-৭ জন শিক্ষার্থীকে কুকুরে কামড়েছে।"
তেঁতুলিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহতরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে পর্যাপ্ত টিকা না থাকায় অনেককেই দেওয়া যায়নি।"
তিনি জানান, সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি আইন শৃঙ্খলা সভায় বিষয়টি তুলে ধরা হয়। প্রতিষেধকের সংকটের কথা জানিয়ে তিনি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
জেলা প্রশাসক বনমালী ভৌমিক সিভিল সার্জনকে প্রয়োজনীয় জলাতংকের টিকার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. ইমার উদ্দিন কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাস্থ্য বিভাগের সংগ্রহে জলাতংকের টিকা না থাকায় আক্রান্তদের নিজ উদ্যোগে সংগ্রহ করতে বলা হয়েছে।"
তিনি জানান, পরে উপজেলা পরিষদ থেকে আর্থিক বিষয়টি সমন্বয় করা হবে।
সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, আহতদের যথাসাধ্য সহযোগিতা করা হচ্ছে, কুকুর নিধনে অভিযান শুরু হয়েছে।
এ সপ্তাহে বাগেরহাটে কুকুরের কামড়ে বেশ কয়েকজন জখম হওয়ার ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24