২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ ট্রলারে ডাকাতি, ৪৬ জেলে অপহরণ

সাগরে মাছ ধরার সময় অন্তত ৩০টি ট্রলারে ডাকাতি হয়েছে। অপহরণ করা হয়েছে কমপক্ষে ৪৬ জেলেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

বরগুনা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাগরে মাছ ধরার সময় অন্তত ৩০টি ট্রলারে ডাকাতি হয়েছে। অপহরণ করা হয়েছে কমপক্ষে ৪৬ জেলেকে। ডাকাতদের হামলায় আহত হয়েছে আট জেলে। রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফেয়ারওয়ে বয়ার কাছে এই ঘটনা ঘটে বলে ফিরে আসা জেলে ও ট্রলার শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন। জলদস্যুদের কবল থেকে পাথরঘাটায় ফিরে আসা জেলে দেলোয়ার, জলিল ও আসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, জলদস্যু জুলফিকার বাহিনী গত দুই দিনে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে জেলে বহরে সশস্ত্র হামলা চালায়। হামলায় আহত ৮ জেলেকে উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসা হয়েছে। এরা হলেন- দেলোয়ার হোসেন, আবদুল জলিল, মনির হোসেন, আবুল হাসান, জামাল হোসেন, জাকির হোসেন, আসলাম ও মমতাজ আলী। তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জেলেরা জানায়, জলদস্যুরা অন্তত ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তারা পাথরঘাটা উপজেলার এফবি আল-হোসেন ও কক্সবাজারের মহেষখালী উপজেলার এফবি আল্লার দান ট্রলারসহ চারটি ট্রলার ও ৪৬ জন জেলেকে ধরে নিয়ে গেছে। এসব জেলেকে সুন্দরবনের গহীনে আটকে রেখে ১৩ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে ডাকাতরা। ডাকাতির কবলে পড়া ট্রলারগুলোর মধ্যে রয়েছে- পাথরঘাটা উপজেলার আলম মোল্লা'র এফবি গাজি শাজাহান, এফবি শাহ মহসেন-আউলিয়া, কালমেঘা ইউনিয়নের বেলাল মিয়ার এফবি বেলাল, মহেষখালীর এফবি আল্লার দানসহ ৩টি, বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়ার পল্টু আকনের দুটি ও নলী বন্দরের ৪টি। অপহৃত জেলেদের মধ্যে আলী মিয়া, আবুল কালাম, সুরাত আলী, শাহ আলম, আলী হোসেন ও শাহদাত হোসেনের নাম জানা গেছে। বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মিয়া সাংবাদিকদের বলেন, জলদস্যুরা ০১৭৪১১২৫৫৮৯ নম্বরের মোবাইল ফোন থেকে ফোন করে ট্রলার মালিকদের দ্রুত মুক্তিপণের টাকা পাঠাতে বলেছে। তিনি আরো বলেন, সাগরে মাছ বেশি ধরা পড়লেই ডাকাতদের উৎপাত বেড়ে যায়। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট হাসানুজ্জামান জানান, তারা জেলেদের কাছ থেকে ডাকাতির খবর শুনেছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৯ ঘ.