ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরে যাওয়ার তিন মাস আগে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার তাকে যোগ দেওয়ার পর থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আগামী ২০১১ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত তার বর্তমান চাকরির মেয়াদ রয়েছে। ওইদিন তার চাকরির মেয়াদ শেষে অবসরপূর্ব ছুটিতে (এলপিআর) যাওয়ার কথা।
নতুন করে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় তার পিআরএল বাতিল বলে গণ্য হবে।
খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব থেকে মোল্লা ওয়াহেদুজ্জামান গত বছরের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24