চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বস্তিবাসীদের জন্য পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলম।
সোমবার সকালে সিসিসি'র মিলনায়তনে 'নগর দরিদ্র বসতি ও খালি জায়গা মানচিত্র চিহ্নিতকরণ' প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সিসিসি'র প্যানেল মেয়র- ২ জোবাইরা নার্গিস এতে সভাপতিত্ব করেন।
সভায় মনজুর আলম বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪১টি ওয়ার্ডে অনেক বসতি আছে যেগুলো ঝুঁকিপূর্ণ। বৃষ্টি ও ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সিসিসি'র বাড়তি ঝামেলায় পোহাতে হয়। এ ধরনের সমস্যা মোকাবেলায় পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ জরুরি।
তিনি বলেন, নগরীতে পাহাড় ঘেষে যেসব বস্তি রয়েছে সেগুলোর একটি তথ্য ভিত্তিক তালিকা প্রণয়ন করা উচিত। পাশাপাশি সরকারি পতিত জমি চিহ্নিত করে সেখানে বস্তিবাসীদের জন্য পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে সরকারের এগিয়ে আসা উচিত।
অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম বলেন, নগর গবেষণা কেন্দ্র, ঢাকার উদ্যোগে ২০১০ সালের অগাস্ট থেকে চট্টগ্রামসহ দেশের ২৭টি শহরে দরিদ্র বসতি মানচিত্রকরণ ও খালি জায়গা চিহ্নিতকরণ কাজ শুরু হয়েছে।
এ বছরের ডিসেম্বর নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে উল্লেখ করে তিনি জানান, এতে শহরের দরিদ্র বসতির মানচিত্র ও খালি জায়গা সমূহের একটি সর্ঠিক ও পরিপূর্ণ চিত্র পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএডি/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24