২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের পর ভারতীয় ছিটমহলে হামলা-আগুন

এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর পঞ্চগড় সদর উপজেলায় ভারতের গারাতি ছিটমহলের প্রায় দুইশ ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 02:19 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

পঞ্চগড়, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর পঞ্চগড় সদর উপজেলায় ভারতের গারাতি ছিটমহলের প্রায় দুইশ ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ওই ছিটমলে হাফিজাবাদ, হাড়িভাষা ও অমরখানা ইউনিয়নের প্রায় দুই হাজার লোক এক জোট হয়ে হামলা চালায় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিটমহলের প্রায় দুই শতাধিক বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে ঘরের আসবাবপত্র, শ্যালো মেশিন, পাওয়ার টিলারসহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি পুড়ে গেছে। হামলাকারীরা গৃহস্থালি জিনিসপত্রও লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুর ১টার দিকে পুলিশ ছিটমহলের আশপাশের এলাকায় অবস্থান নিয়ে হামলাকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকালে জেলা প্রশাসক বনমালী ভৌমিক ও পুলিশ সুপারিনটেনডেন্ট শাহরিয়ার রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই এলাকায় পৌঁছে স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানান। পুলিশ সুপার শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতীয় ছিটমহল হওয়ায় ফায়ার সার্ভিস বা অন্য কোনো সংস্থার লোকজন ঘটনাস্থলে যেতে পারেনি।" তবে পুলিশ বাংলাদেশ ভূখণ্ডে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে, বলেন তিনি। গত শুক্রবার ভোরে বাংলাদেশের হাড়িভাষা বাজারের রমজান মেকার (৫০) ছিটমহলের বাসিন্দাদের পিটুনিতে নিহত হন। এ সময় তার সঙ্গী ইয়াসিন আহত হন। পরে রাত ২টার দিকে এলাকার লোকজনের সহায়তায় পুলিশ রমজানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে ছিটমহল নাগরিক কমিটির সভাপতি মফিদার রহমান বলেন, "ছিটমহলে ডাকাতি করতে এসে ধরা পড়ে রমজান। পরে গণপিটুনিতে সে মারা যায়।" "এ ঘটনায় উল্টো পুরো ছিটমহলবাসীকে দোষী করে তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে লুটপাট করা হয়েছে", বলেন তিনি। এদিকে রমজানের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে দুপুরে ছিটমহলের নূর হোসেন (৫৫), জবেদ আলী (৪৫) ও জালালকে (৩৫) জিয়াবাড়ী হাটে আটক করে লোকজন পুলিশে সোপর্দ করে। সদর থানার ওসি মো. জমির উদ্দিন বলেন, "তারা থানায় আটক আছে।" পুলিশ সুপারিনটেনডেন্ট শাহরিয়ার জানান, বাংলাদেশি নাগরিককে হত্যার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/২০১৫ ঘ.