২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পূজামণ্ডপে হামলা, গ্রেপ্তার ২

শহরের টানবাজার মিনাবাজার গোপীনাথ জিউর আখড়ায় পূজামণ্ডপে শনিবার ভোররাতে সন্ত্রাসীরা হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এতে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 01:13 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের টানবাজার মিনাবাজার গোপীনাথ জিউর আখড়ায় পূজামণ্ডপে শনিবার ভোররাতে সন্ত্রাসীরা হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এতে ১০ জন আহত হয়েছেন। মাথায় ছুরিকাহত সুমন দাসের (২৪) অবস্থা গুরুতর। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোর তিনটার দিকে ১৫/২০ জন সন্ত্রাসী শহরের জিউর আখড়ায় পূজামণ্ডপে যায়। এসময় কিছু তরুণ ভক্ত মণ্ডপের সামনেই গোল হয়ে নাচছিলেন। মদ্যপ অবস্থায় সন্ত্রসীরা তাদের উপর চড়াও হয় ও ধাক্কাধাক্কি শুরু করে। পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক অঙ্কন সাহা রানা (৩৫) এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে। তারা ধারালো অস্ত্র দিয়ে পূজা কমিটির সদস্য সুমন দাসের (২৪) মাথার পেছনে, পিঠে ও বাম হাতে আঘাত করে। সন্ত্রাসীরা নির্বিচারে মারধর করে দর্শনার্থীদের। লাঞ্চিত করে মহিলা দর্শনার্থীদের। এসময় পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে শুরু হয় ছুটোছুটি। সন্ত্রাসীরা ২০/২৫টি চেয়ার ভাংচুর করে। চেয়ারের ভাঙা অংশ ছুড়ে মারে দর্শনার্থীদের দিকে। ছুড়ে ফেলে সাউন্ড বক্স। ছিঁড়ে ফেলে প্যান্ডেল। হামলায় আহত হন অঙ্কন সাহা রানা, সুমন দাস, পার্থ দাস, মাসুদুর রহমান কায়সার, সঞ্জয় রায়, রঞ্জনসহ ১০ জন। এছাড়া সন্ত্রাসীরা সুমনের কাছ থেকে একটি মোবাইল ফোন সেট ও নগদ ৩ হাজার টাকা এবং পার্থ দাসের কাছ থেকে ১৯শ' টাকা ছিনিয়ে নেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ইমরান বাঙালী (১৮) ও আরিফ (২২) নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক অঙ্কন সাহা রানা বাদী হয়ে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুই সন্ত্রাসী ছাড়াও মামলায় অপু হোসেন, জুয়েল, কাউসার, অপু-২, জোবায়ের, রাজু ও হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পূজা কমিটির নেতারা জানান, হামলাকারীরা শহরের র‌্যালি বাগান, নিমতলী, সুতারপাড়া এলাকার বাসিন্দা। তারা শহরের টানবাজার এলাকার সন্ত্রাসী সম্রাট বাহিনীর সদস্য। সম্রাট স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজহার হোসেনের ছেলে এবং জেলা বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের ভাতিজা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯০৭ ঘ.