ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি আরো পশ্চিমে সরে দুর্বল হয়ে যেতে পারে বলে শনিবার ভোররাত সাড়ে ৩টায় আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিুচাপটি পশ্চিম দিকে সরে শনিবার ভোররাত রাত ৩টায় গোপালপুরের কাছ দিয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। এটি আরো পশ্চিম দিকে সরে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।
বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এর আগে গত সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিুচাপের সৃষ্টি হয়। সেটির প্রভাবে গত বৃহস্পতিবার ও শুক্রবার স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হয় উপকূলীয় এলাকা। এতে ঘরচাপা পড়ে, পানিতে ডুবে ও বজ্রপাতে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/০৯০৩ ঘ.
bdnews24