ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবার চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও রক্তচাপ বেড়ে যাওয়ায় মুক্তিযোদ্ধা-শিল্পী আজম খান শুক্রবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন না।
সন্ধ্যা সোয়া সাতটায় আজম খানের মেয়ে ইমা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
অস্ত্রোপচারের দেড় মাস পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১১টা ৫৫মিনিটে এ শিল্পীর ঢাকা ছাড়ার কথা ছিল।
এর আগে বিকালে ইমা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, শুক্রবার রাতে সিঙ্গাপুরের পথে আজম খান ঢাকা ছাড়বেন।
তিনি বলেন, "বাবা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় তিন মাস ধরে টমোথেরাাপি ও কেমোথেরাপি নেবেন।"
এর আগে গত ২৪ অগাস্ট এ শিল্পী মুখে অস্ত্রোপচার শেষে দেশে ফেরেন।
মুখে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর আজম খানকে গত ১৪ জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। গত ২১ জুলাই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।
গত ১৩ জুলাই বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে আজম খান জানান, পাঁচ-ছয় মাস আগে হঠাৎ জিহ্বার নিচে একটি মাংসপিণ্ড ধরা পড়ে। পরে ধরা পড়ে, এটি ক্যান্সারের কারণে হয়েছে।
আজম খান ১৯৫০ সালের ২৮ ফেব্র"য়ারি রাজধানীর আজিমপুরে জন্মগ্রহণ করেন। 'পপ গুরু' হিসেবে পরিচিত এ শিল্পীর গানের অ্যালবাম বেরিয়েছে ১৭টি। এছাড়া অনেক মিশ্র অ্যালবামও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/এইচএ/১৯১৯ ঘ.
bdnews24