বগুড়া, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় চোরাই পথে ভারত থেকে আনা কাপড় লুট করতে গিয়ে পাঁচজন গণপিটুনিতে আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাপড় বহনকারী অটোরিকশাচালকও গণপিটুনির শিকার হয়েছেন। তাদের সবাইকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার ফুলতলা গ্রামের কোরবান আলী (৩৪), একই উপজেলার ধর্মগ্রামের আব্দুর করিম (৩৫), একই গ্রামের জগত (২২), আন্দিকুমার গ্রামের জাহিদুল (২৫), ধর্ম গ্রামের হাবিবুর রহমান (২২) এবং অটোরিকশাচালক শেরপুর উপজেলার মহিপুর গ্রামের এনামুল হক (২৫)।
শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনামুল চোরাই কাপড় নিয়ে সান্তাহার থেকে শেরপুরে যাচ্ছিলো। সকাল সাড়ে ৮টায় শাহজাহানপুর উপজেলার আতাউল গ্রামের কাছে ওই পাঁচ যুবক ছিনতাইয়ের জন্য অটোরিকশাটি আটক করে।
"ওই সময় এনামুলের চিৎকারে গ্রামবাসী এসে ছয়জনকেই মারধর করে", বলেন তিনি। পরে পুলিশ ছয়জনকে উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তবে চিকিৎসার পর ছয়জনকেই পুলিশ নিয়ে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক কামরুল আহসান।
এ ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনিস। ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা হবে পাঁচ যুবকের বিরুদ্ধে। অন্য মামলাটি হবে অটোরিকশাচালকের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.
bdnews24