২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দামুরহুদা থানার ওসি প্রত্যাহার

ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমান হত্যাকাণ্ডের চার দিন পর চুয়াডাঙ্গার দামুরহুদা থানার ওসি মশিউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 09:01 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঝিনাইদহ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমান হত্যাকাণ্ডের চার দিন পর চুয়াডাঙ্গার দামুরহুদা থানার ওসি মশিউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মশিউরকে বৃহস্পতিবার রাতে প্রত্যাহার করা হয়েছে। নতিপোতা ইউনিয়ন পরিষদ সদস্য মিজানকে গত রোববার রাতে তার বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়। সন্ত্রাসীরা হানা দেওয়ার সঙ্গে সঙ্গে মিজান মোবাইল ফোনে তা ওসি মশিউর ও হোগলডাঙ্গা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনসুর আহমেদকে জানিয়েছিলেন। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাওয়ার আগেই মিজান খুন হওয়ায় পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠে। এসআই মনসুরকে মশিউরের আগেই প্রত্যাহার করা হয়। নিহত মিজান নতিপোতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। গত সংসদ নির্বাচনের পর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন তিনি। আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড়ানোর পরিকল্পনা ছিলো তার। পুলিশ সুপার আরো জানিয়েছেন, মিজান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- রবিউল ইসলাম, রোকনুজ্জামান, মো. হান্নান, মো. জমির আলি, মাসুদ রানা ও শহিদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.