২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গণসাক্ষ্য নিচ্ছে তদন্ত কমিটি

সিরাজগঞ্জের দুর্ঘটনা ও ট্রেনে আগুনের ঘটনা তদন্তে জেলা প্রশাসন গঠিত কমিটি গণসাক্ষ্য নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 08:53 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের দুর্ঘটনা ও ট্রেনে আগুনের ঘটনা তদন্তে জেলা প্রশাসন গঠিত কমিটি গণসাক্ষ্য নিচ্ছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের প্রতি আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। শুক্রবার সকাল ১০টা থেকে গণসাক্ষ্যগ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ১২ জন সাক্ষ্য দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন দ্রুতযান এক্সপ্রেসে দুর্ঘটনার দিন কর্তব্যরত সহকারী কনডাক্টর জেএস মুখার্জি, টিকেট চেকার নুরুল ইসলাম, ট্রেনের কর্মী মো. ইব্রাহিম, আব্দুল হাই, ফজলুল হক ও দুলাল। এছাড়া স্থানীয় ছয় ব্যক্তিও সাক্ষ্য দেন। তদন্ত কমিটির প্রধান সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা হাকিম দীপক রঞ্জন অধিকারী বলেন, সাক্ষ্য গ্রহণ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে। সিরাজগঞ্জের সয়দাবাদে গত সোমবার খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনা তদন্তে রেলওয়ে পাঁচ সদস্যের এবং জেলা প্রশাসন চার সদস্যের কমিটি গঠন করে। এদিকে ওই ঘটনায় গত ১২ অক্টোবর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থানায় দায়ের করা মামলার আসামি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ হাসান তদন্ত কমিটিতে একটি আবেদন নিয়ে হাজির হয়েছেন। বাংলাভিশন টেলিভিশন এবং দৈনিক দিনকালের সিরাজগঞ্জ প্রতিনিধি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার দিন দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত বাংলাভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার সেকেন্দার লেমনের সঙ্গে থেকে সংবাদ সংগ্রহ ও ছবি তোলার কাজ করেছিলেন তিনি। "তারপরও আমাকে মামলার আসামি করা হলো। এ কারণে আমার চাকরি থাকছে না", বলেন তিনি। হাসান মামলা থেকে তাকে বাদ দেওয়ার জন্য তদন্ত কমিটির কাছে আবেদন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫০ ঘ.