মুন্সীগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদ্মায় নাব্যতা সংকটের কারণে রাতে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
আগে আড়াআড়ি চ্যানেলে মুন্সীগঞ্জের মাওয়া ঘাট থেকে মাদারীপুরের কাওড়াকান্দি পর্যন্ত ফেরি চলাচল করতো। চ্যানেলটি নাব্যতা হারিয়ে ফেলায় এই পথে এখন ফেরি চলছে না।
কিছুদিন আগে খননও করে নাব্যতা বাড়ানোর চেষ্টা হলেও আবার পলি পড়ায় তা ভেস্তে গেছে। এ কারণে এখন ফেরি চলাচল করছে অনেকা ঘুরপথে।
এই নৌপথে হাজরা চ্যানেল থেকে কবুতরখোলা-কাউলিয়ার চর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার জুড়ে ডুবোচর জেগেছে। এছাড়া রাতে নৌযান চলাচলের জন্য নেই প্রয়োজনীয় নির্দেশক ও বয়াবাতি।
এ কারণে প্রতিদিন রাতের বেলা কোনো না কোনো ফেরি আটকা পড়ছে ডুবোচরে। আর সেজন্য দক্ষিণাঞ্চলের এই গুরুত্বপূর্ণ সড়ক পথে যানজট লেগেই আছে।
বুধবার রাত ১১টার দিকে দিকে টাপলু নামের একটি ফেরি হাজরা চ্যানেলের মাঝামাঝি ডুবোচরে আটকা পড়ে। ফেরিটি কাওড়াকান্দি থেকে মাওয়া আসছিলো। এতে ১০টি ট্রাক, সাতটি বাস ও তিনটি হালকা যানবাহনসহ অন্তত দুশ' যাত্রী ছিলো।
প্রায় ১২ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফেরিটি ডুবোচর থেকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে কবুতরখোলা-কাউলিয়ার চর এলাকায় দুটি ফেরি আটকা পড়ে। এর মধ্যে একটি ফেরি আট ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়। অপর ফেরিটি উদ্ধার করা হয় কমপক্ষে ১৯ ঘণ্টা পর।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই নৌপথে বয়াবাতি ও যথাযথ নির্দেশক না থাকায় রাতে ফেরি চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। দিনের বেলায় ফেরি চালকরা নির্দেশক ছাড়া আন্দাজ করে ফেরি চালালেও রাতের বেলায় তা সম্ভব নয়।
তিনি দাবি করেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বয়াবাতি ও নির্দেশক দিলেও জেলেদের জালে আটকে সেগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।
আশিকুজ্জামান আরো জানান, নদীর তলদেশ ঘেষে চলাচল করায় প্রপেলারসহ ফেরির বিভিন্ন যন্ত্রের ক্ষতি হচ্ছে। পানির গভীরতা ১২ ফুট হলে নৌ যান বিশেষ করে ফেরি চলাচলে সমস্যা হয় না। বর্তমানে পানির গভীরতা ৮-১০ ফুট।
তিনি আরো জানান, আড়াআড়ি চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় এখন প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করে। ১২ আড়াআড়ি চ্যানেলে কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে আগে যেখানে সময় লাগতো সোয়া এক ঘণ্টা। এখন সময় লাগছে প্রায় পৌনে তিন ঘণ্টা।
এই নৌপথে স্বাভাবিক অবস্থায় ১৩টি ফেরি চলাচল করে থাকে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.
bdnews24