ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করতে কেন নির্দেশ দেওয়া হবে না- সরকারের কাছে এর কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
সেইসঙ্গে আনোয়ারার রঙ্গাদিয়া ও মাঝেরচর মৌজার এক লাখ ঝাউ গাছ না কাটতে কেন নির্দেশ দেওয়া হবে না তারও কারণ জানাতে বলা হয়।
বুধবার বিচারপতি আব্দুল আউয়াল ও বিচারপতি নাজমুল আহসানের বেঞ্চ পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেয়।
সরকারের বিদ্যুৎ সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকল্প পরিচালক ও চট্টগ্রামের জেলা প্রশাসককে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাবে দিতে বলা হয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের একই বেঞ্চ রিট আবেদনের ওপর আদেশ দেওয়ার এ দিন ধার্য করে।
সোমবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করে।
আবেদনকারীর পক্ষে বুধবার শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
শুনানিতে তিনি বলেন, "চট্টগ্রামের আনোয়ারা থানায় ভারত থেকে কয়লা এনে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।
"এই বিদুৎ প্রকল্প বাস্তবায়িত হলে রঙ্গাদিয়া ও মাঝেরচর মৌজায় চট্টগ্রাম বন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও এয়ারফোর্স বেইসের কর্মকান্ডে মারাত্মক বিপর্যয় ঘটবে। সেখানকার এক লাখ গাছ কেটে ফেলতে হবে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পরবে।"
মনজিল মোরসেদ আরো বলেন, "কয়লা দিয়ে দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে বিষাক্ত গ্যাস বাতাসে নিঃসরণ হবে। এতে বিমান চলাচলের ঝুঁকিও বাড়বে। এছাড়া প্রকল্পটি চালু হলে অতিরিক্ত জাহাজ চলাচল করবে। ফলে চট্টগ্রাম বন্দর পরিচালনায় সমস্যার সৃষ্টি হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এইচএ/১৮৫৭ ঘ.
bdnews24