ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিট আবেদন খারিজ হওয়ায় ৩০ দিনের মধ্যে ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়তে হচ্ছে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে।
তবে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা।
সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন খারিজ করে বুধবার রায় দেয় হাইকোর্ট।
২২ দিন শুনানির পর বিচারপতি নাজমুন আরা সুলতানা ও শেখ হাসান আরিফের বেঞ্চ রায়ে বলেছে, সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদাকে যে নোটিশ দেওয়া হয়েছিলো, তা বৈধ।
রায়ের পর সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "আদালত রিট আবেদন খারিজ করেছেন। বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে ওই বাড়ি ভ্যাকেট (খালি) করতে।"
তিনি বলেন, "কথিত ইজারা দলিলের মাধ্যমে ১৯৮১ সালের ১৩ জুন খালেদা জিয়াকে অবৈধভাবে ক্যান্টনমেন্টের বাড়ি দেওয়া হয়েছিলো। হাইকোর্টের রায়ের ফলে সেনাবাহিনী ১৬৫ কাঠার ওই বাড়িটি ফিরে পেলো।"
"সেনাবাহিনীর সম্পত্তি এভাবে কাউকে দেওয়া যায় না, ক্ষমতার অপব্যবহার করে বাড়িটি খালেদা জিয়াকে দেওয়া হয়েছিলো", বলেন অ্যাটর্নি জেনারেল।
রায়ের পর বিএনপি সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল শুরু করে। তারা স্লোগান দিতে থাকে, "এ রায় মানি না।"
খালেদার কৌঁসুলি টিএইচ খান সাংবাদিকদের বলেন, "এ রায়ে আমরা হতবাক। রেজিস্ট্রার্ড দলিল এভাবে নোটিশ দিয়ে বাতিল করা যায় না।"
তিনি জানান, রায়ের অনুলিপি পাওয়ার পর তা পর্যবেক্ষণ এবং খালেদা জিয়ার সঙ্গে আলোচনার পর তারা আপিল করবেন।
প্রধান বিরোধী দল বিএনপির সংসদ বর্জনের ক্ষেত্রে সেনানিবাসের মইনুল সড়কের ওই বাড়িটি ছাড়ার নোটিশও জড়িয়ে আছে। সংসদে ফেরার শর্ত হিসেবে ওই নোটিশ প্রত্যাহারের দাবি এক সময় তুলে ধরেছিলো বিএনপি।
২০০৯ সালের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩ মে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন।
পরে ওই বছর ৭ ও ২৪ মে আরো দুই দফায় খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়।
রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানি শেষে গত বছরের ২৭ মে হাইকোর্ট ওই নোটিশের কার্যক্রম স্থগিত করে। বুধবার রায়ের সময় হাইকোর্ট ওই স্থগিতাদেশটি তুলে নিয়েছে।
গত ৬ জুন রিট আবেদনটির ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু করে হাইকোর্ট। পরে গত ২৩ অগাস্ট সরকারের কাছে সেনানিবাসের বাড়ির ইজারা সংক্রান্ত যাবতীয় নথি তলব করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৭২০ ঘ.
bdnews24