সায়েদুল ইসলাম তালাত, শামীম আহমেদ, ও সেলিম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার ৫৪ ঘণ্টা পর তুরাগ নদী থেকে উদ্ধার বাসটি তীরে আনা হয়েছে। আপাতত স্থগিত করা হয়েছে নিখোঁজদের সন্ধান। দুর্ঘটনায় মৃত ১১ জনের মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বী মিয়া জানান, নিখোঁজদের সন্ধান কাজ আজকের মতো (মঙ্গলবার) স্থগিত করা হয়েছে।
দমকল-নৌ-সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল পাঁচটি রেকার ও একটি ক্রেনের সাহায্যে বাসটি তীরে টেনে আনে।
বিকাল ৫টার দিকে বাসটির দু-তৃতীয়াংশ পানির ওপরে ওঠানো হয়। সেসময় উদ্ধারকর্মী দল জানায়, ভেতরে আর কোনো লাশ নেই।
তবে ঘটনাস্থলে উপস্থিত অনেকে দাবি করেন তাদের স্বজন দুর্ঘটনার সময় বাসের ভেতরে ছিলেন।
ঢাকা থেকে সাভারগামী বৈশাখী পরিবহনের বাসটি প্রায় অর্ধশত যাত্রী নিয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে নদীতে পড়ে যায়।
ডুবে যাওয়ার ২৫ ঘণ্টা পর বাসটির সন্ধান পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/এসআইএম/এসএইচএ/এসআইটি/এলএইচ/পিডি/২১৪৩ ঘ.
bdnews24