২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কয়লা বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ

চট্টগ্রামের আনোয়ারায় কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট আবেদনের ওপর বুধবার আদেশ দেবে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রামের আনোয়ারায় কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট আবেদনের ওপর বুধবার আদেশ দেবে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আব্দুল আউয়াল ও বিচারপতি নাজমুল আহসানের বেঞ্চ পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি গ্রহণ শেষে আদেশ প্রদানের এই দিন ধার্য করে। সোমবার হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করা হয়। আবেদনকারীর পক্ষে শুনানি গ্রহণ করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রিট আবেদনে বলা হয়, চট্টগ্রামের আনোয়ারা থানায় ভারত থেকে কয়লা এনে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। এতে বলা হয়, এই বিদুৎ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও এয়ারফোর্স বেইসের কর্মকান্ডে মারাত্মক বিপর্যয় ঘটবে। সেখানকার এক লাখ গাছ কেটে ফেলতে হবে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পরবে। কয়লা দিয়ে দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে বিষাক্ত গ্যাস বাতাসে নিঃসরণ হবে। এতে বিমান চলাচলের ঝুকিও বাড়বে। এছাড়া প্রকল্পটি চালু হলে অতিরিক্ত জাহাজ চলাচল করবে। ফলে চট্টগ্রাম বন্দর পরিচালনায় সমস্যার সৃষ্টি হবে বলে আবেদনে উল্লেখ করা হয়। রিট আবেদনে বিদ্যুৎ সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, প্রকল্প পরিচালক ও চট্টগ্রামের জেলা প্রশাসককে প্রতিপক্ষ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২১১৭ ঘ.