ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের ঘটনার জন্য খালেদা জিয়া সরকারকে দায়ী করার পর এবার ওই ঘটনার জন্য বিরোধীদলীয় নেতাকেই দুষলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, সরকারবিরোধী আন্দোলনের জন্য সিরাজগঞ্জের ঘটনাটিকে পুঁজি করতে চাইছে বিরোধী দল।
সিরাজগঞ্জের সয়দাবাদে সোমবার খালেদার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়। খালেদার দাবি, এটা দুর্ঘটনা নয়, সরকার পরিকল্পিতভাবে তার দলীয় কর্মীদের ওপর ট্রেন উঠিয়ে দিয়েছে।
এর জবাবে শেখ হাসিনা মঙ্গলবার গণভবনে এক অনুষ্ঠানে খালেদাকে উদ্দেশ করে বলেন, "অশান্তি বেগমের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাদের এখন লাশের দরকার, ইস্যুর দরকার। সেজন্য তারা খুন-খারাবিতে জড়িয়ে পড়েছে।"
"তিনি (খালেদা) যমুনা রিসোর্টে বসেছিলেন লাশের অপেক্ষায়। রেলে আগুন দেওয়া হলো, যাত্রীদের কাছে থেকে মালামাল লুট করা হলো, তিনি সেখানে বসেই ছিলেন। ঘটনার পর তিনি গেলেন বক্তৃতা করতে", বলেন হাসিনা।
এর আগে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনও সিরাজগঞ্জের দুর্ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন। আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলনে বলেছে, সিরাজগঞ্জের ওই দুর্ঘটনা ঘটেছে বিএনপির দায়িত্বহীনতার জন্য।
গত নির্বাচনে বিএনপি ভোট না পেয়ে এখন সহিংস ঘটনা ঘটিয়ে জানমালের ক্ষতি করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সভানেত্রী। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, এসব ছেড়ে জনকল্যাণে আমাদের কাজ করতে দিন।
নাটোরে বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যাকাণ্ড বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল বলেও ইঙ্গিত দেন হাসিনা।
তিনি বলেন, "তারা খুন-খারাবি করে, আর মুখে অপরের ওপর দোষ চাপায়। নাটোরের ঘটনা যে তাদের (বিএনপির) অভ্যন্তরীণ না, তার প্রমাণ কে করবে?"
গত শুক্রবার সরকারি দলের নেতা-কর্মীদের হামলায় উপজেলা চেয়ারম্যান বাবু নিহত হন বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ইতিপূর্বে বলেছেন, ভিডিও ফুটেজ দেখে বাবু হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় আনা হবে। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় পাবে না বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।
কুমিল্লায় স
bdnews24