সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলক চন্দ্র বসাক ও উপ-পরিদর্শক (এসআই) মো. বাদশা আলমসহ ছয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।
পুলিশ হেফাজতে নির্যাতন করে ছেলেকে হত্যার অভিযোগে এই মামলাটি করেন কানাইঘাট উপজেলার গণকান্দি গ্রামের জয়তুননেছা।
সোমবার সিলেটের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে তিনি মামলাটি করেন।
শুনানি শেষে হাকিম মো. শামছুদ্দীন মাসুম মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আগামী ৮ ডিসেম্বর প্রতিবেদন দেওয়ার জন্য জেলার পুলিশ সুপারিনটেনডেন্টকে নির্দেশ দিয়েছেন।
জৈন্তাপুর থানার ওসি ও এসআই ছাড়া মামলায় আসামি করা হয়েছে কানাইঘাট উপজেলার গরদানা গ্রামের ইসমাইল, গণিকান্দি গ্রামের আবদুন নূর, কামাল ও আবদুল লতিফকে।
মামলায় অভিযোগ করা হয়, বাদির ছেলে মুজিবুর রহমানকে (৩২) জৈন্তাপুর থানা এলাকায় একটি ডাকাতি মামলার (নম্বর ১৬/২৭.১০.০৯) আসামি হিসেবে গত ২৫ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়।
এরপর মুজিবুর রহমানকে থানা হাজতে আটকে রেখে ওসি ও এসআই বন্দুকের বাট, কাঠের রুল ও প্যান্টের বেল্ট দিয়ে পেটায়।
এরপর ২ মার্চ আদালতের মাধ্যমে তিনদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। হেফাজতে নিয়ে ইসমাইল, আবদুর নূর, কামাল ও আবদুল লতিফের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়ে মুখে কাপড় বেঁধে গরম পানি ঢালাসহ মুজিবুরকে বিভিন্নভাবে নির্যাতন করে।
গত ১১ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর মারা যান।
বাদি জয়তুননেছা সাংবাদিকদের বলেন, তার ছেলে মারা যাওয়ার পর থেকে ওসি ও এসআই তাকে বিশেষ নজরদারি মধ্যে রাখে এবং মামলা না করতে নানা রকম ভয়ভীতি দেখায়। এ জন্য মামলা দায়ের করতে তিনি দেরি করেছেন।
এ বিষয়টি মামলার আরজিতে উল্লেখ করেছেন বলে তিনি জানান।
এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি গোলক চন্দ্র বসাকের মোবাইল ফোনে যোগাযোগ করলে ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি (ওসি) ছুটিতে আছেন।"
মামলার ব্যাপারে জানতে চাইলে এসআই মোবারক বলেন, "মামলা হয়েছে শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো কাগজপত্র আমাদের হাতে পৌঁছায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪২ ঘ.
bdnews24