ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানবন্দরের সিভিল এভিয়েশন নিরাপত্তাকর্মী আসাদুজ্জামান সঞ্জু হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামি ১৯ অক্টোবর।
এ মামলায় ২২ জনের সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষে তিনদিন যুক্তিতর্কের শুনানি শেষে রোববার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. রেজাউল ইসলাম মামলাটির রায়ের তারিখ ঘোষণা করেন।
এ তারিখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ আদালতের বিশেষ কৌশুলি মো. রফিকুল ইসলাম।
গত ৩ জুন সঞ্জুর বাবা মোহাম্মদ আলীর জবানবন্দি নেওয়ার মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়।
গত বছরের ৬ মার্চ বর্তমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে উত্তরার কাওলা ওয়েলফেয়ার মার্কেটের সামনের সড়কে আসাদুজ্জামান সঞ্জুকে (৩৪) গুলি করে হত্যা করা হয়।
পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মারা যাওয়ার সময় তিনি বাদির কাছে হত্যাকারীদের নাম বলেন সঞ্জু।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, হুমায়ুন কবীর, জুলহাস, ফজলু মিয়ার সঙ্গে চলাফেরা করতেন এবং আড্ডা দিতেন সঞ্জু। তারা সিভিল এভিয়েশনের পুকুর লিজ নিয়ে একসঙ্গে ব্যবসা করতেন। গত বছরের ৬ মার্চ রাত অনুমানিক ১১টার দিকে তারা একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এক সময় সঞ্জুর সঙ্গে আসামী হুমায়ুন কবীরের কথা কাটাকাটি শুরু হয়। হঠাৎ হুমায়ুন কবীর সঞ্জুকে গুলি করেন।
আহত সঞ্জুকে প্রথমে ক্রিসেন্ট হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ভোররাতে সঞ্জু মারা যান।
অভিযোগপত্র জমা দেন বিমানবন্দর থানার পরিদর্শক মো. সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী।
মামলাটি ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে যায় বিচারের জন্য। পরে দ্রুত বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে এ আদালতে গত ২৩ মে তারিখে নথিপত্র পাঠানো হয়।
মামলায় হুমায়ুন কবীর ছাড়া বাকি দুইজন জামিনে ছিলেন।
রোববার আসামি জুলহাস ও ফজলু মিয়ার জামিন বাতিল করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২১৫ ঘ.
bdnews24