ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজার সিন্ডিকেটের হাতে 'জিম্মি' জনগণকে উদ্ধারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কার্যক্রমকে জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার প্রাইভেটাইজেশন কমিশনের সদস্যদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা আরো বলেন, টিসিবি'কে শক্তিশালী করা ছাড়া বাজার সিন্ডিকেটের হাত থেকে দেশের মানুষকে উদ্ধার করা সম্ভব নয়।
সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ড. মির্জা আবদুল জলিলের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় কমিশনের কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়।
প্রেস সচিব জানান, টিসিবিকে 'ধ্বংস' করার জন্য বিগত বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেছেন, "টিসিবি সক্রিয় থাকলে বাজার সিন্ডিকেট করে কেউই দ্রব্যমূল্য বাড়াতে পারতো না।"
শেখ হাসিনা দেশের অর্থনীতির উন্নতির জন্য সরকারি-বেসরকারি উভয় খাতের উপর গুরুত্ব আরোপ করে বলেন, কেবলমাত্র বেসরকারি খাতের ওপর নির্ভর করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং খাদ্য সংকটের সময় এ কথা দারুণভাবে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী দাবি করেন যে, বেসরকারি খাতের পাশাপাশি শক্তিশালী সরকারি খাত ছিল বলেই বিশ্বমন্দার খুব একটা প্রভাব দেশের অর্থনীতিতে পড়েনি।
প্রধানমন্ত্রী সরকারি খাতে কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সরকারের মালিকানাধীন কোন কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ করা হবে না। তিনি কৃষি বিশেষ করে চাষযোগ্য জমি রক্ষার ওপরও গুরুত্ব আরোপ করেন।
শেখ হাসিনা আদমজী জুটমিল বন্ধ করে দেওয়ায় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে বলেন, এর মাধ্যমে দেশের অর্থনীতির চরম ক্ষতি করা হয়েছে।
সরকার দেশের রুগ্ন শিল্প কারখানাগুলোকে সংস্কারের মাধ্যমে পুনরায় চাঙ্গা করে তোলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/এইচএ/১৮৩৮ ঘ.
bdnews24