২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১১ 'বিদ্রোহীর' বিরুদ্ধে অভিযোগ উত্থাপন

বিডিআর বিদ্রোহের ঘটনায় নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়ানের ১৪৫ জন সদস্যের বিচার কাজ রোববার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 08:51 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

নওগাঁ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়ানের ১৪৫ জন সদস্যের বিচার কাজ রোববার শুরু হয়েছে। এদিন মামলার ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে সোমবার তাদেরকে হাজির করার আদেশ দিয়েছে। মামলার সব আসামির অনুপস্থিতিতে রোববার সকাল ১০টায় ৪৩ রাইফেল ব্যাটালিয়ান কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত-১২ এ আদালত বসে। আদালতপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআর রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খাঁন। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ৪৬ রাইফেল ব্যাটালিয়ানের প্রাক্তন সুবেদার মেজর রফিক। আদালত অভিযোগ আমলে নিয়ে নওগাঁ জেলা কারাগারে থাকা ওই ১১ জনকে সোমবার সকাল সাড়ে ৯টার মধ্যে হাজির করার আদেশ দেয়। আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন শ্রী শশাঙ্ক শেখর সরকার। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ৪৬ রাইফেল ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মঞ্জুর আজিজ। স্পেশাল প্রসিকিউটর হিসেবে ছিলেন মনজুর আলম ও রেজাউল করিম রেজা। আদালতের কার্যক্রম শেষে মেজর মঞ্জুর আজিজ প্রেস ব্রিফিংয়ে জানান, মামলার ১৪৫ জন আসামির মধ্যে নওগাঁ জেলা কারাগারে রয়েছেন ২১ জন। এদের মধ্যে গুরুতর অভিযোগ থাকা ১১ জনকে সোমবার আদালতে হাজির করা হবে। সোমবার সকাল ১০টায় আদালত বসবে বলেও তিনি জানান। গত বছর ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন নওগাঁয় ৪৬ রাইফেল ব্যাটালিয়ানেরসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। নওগাঁর ঘটনায় সদর মডেল থানার ওসি আমিনুল ইসলাম বাদী হয়ে ওই বছরের ১৮ মে ডিএডি তোছিরসহ ২১ জনের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। পরে তদন্ত শেষে ১৪৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিদ্রোহের অভিযোগে বিডিআর আইনে সারাদেশে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে ও সুনামগঞ্জে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৫২ ঘ.