ঝিনাইদহ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে চিমনি মেরামতকালে পড়ে গিয়ে সারেং মারা গেছেন।
তার নাম নূর আলি (৫৭)। বাড়ি কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে।
শনিবার সকালে এ ঘটনা ঘটে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুদর্শন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারেং নূর আলি সকাল সাড়ে ৯ টার দিকে চিমনির ভিতরের সিড়ি বেয়ে একশ' ফুট ওপরে উঠে মেরামত করছিলেন। হঠাৎ তিনি সেখান থেকে নিচে পড়ে যান।
সুদর্শন মল্লিক জানান, চিনিকলের কর্মচারিরা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নূর আলি সাড়ে ৩৭ বছর ধরে এ চিনিকলে চাকরি করছিলেন বলে এমডি জানান।
কালীগঞ্জ থানার ওসি ফারুক হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৫৭ ঘ.
bdnews24