২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের প্রধান ব্যবসাকেন্দ্র তিন ফুট পানির নিচে

ভারি বর্ষণ ও জোয়ারের পানির কারণে চট্টগ্রামের অন্যতম প্রধান ব্যবসাকেন্দ্র খাতুনগঞ্জ, চাক্তাই ও অছদগঞ্জে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

চট্টগ্রাম, অক্টেবার ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারি বর্ষণ ও জোয়ারের পানির কারণে চট্টগ্রামের অন্যতম প্রধান ব্যবসাকেন্দ্র খাতুনগঞ্জ, চাক্তাই ও অছদগঞ্জে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। এছাড়া প্লাবিত হয়ে পড়ে নগরীর অনেক এলাকা। স্থবির হয়ে গেছে জনজীবন। বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনভর টানা ভারি বর্ষণে নগরীর অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্র চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ, বাকলিয়া, বৌবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, চাঁন্দগাও, ষোলশহর ২ নম্বর গেইট, কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, হালিশহরসহ বেশকিছু এলাকা তিন ফুট পানিতে তলিয়ে যায়। এতে বন্দরনগরীর চাক্তাই, খাতুনগঞ্জের প্রায় দেড় হাজার গুদাম ও দোকানে পানি ঢুকেছে বলে জানান খাতুনগজ্ঞ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে দুই দফায় চাক্তাই খালের পানিতে খাতুনগঞ্জের প্রায় সব মার্কেট এবং মধ্য, পূর্ব ও উত্তর চাক্তাই এলাকা প্লাবিত হওয়ায় প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাহবুবুল আলম বলেন, পানিতে বিভিন্ন গুদামে রাখা চাল, ডাল, পিঁয়াজ, মরিচ, আটা, ময়দা, আদা, রসুনসহ বিভিন্ন পণ্য নষ্ট হয়ে গেছে। টানা বর্ষণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার থেকেই নগরীতে যান চলাচল কমে যায়। শুক্রবার সকাল থেকে কালুঘাট ও কাপ্তাই রাস্তা এলাকার সড়কে পানি জমে যাওয়ায় উত্তর চট্টগ্রামগামী যাত্রীরা ভোগান্তির শিকার হন। রাঙ্গুনিয়ার যাত্রী সৈয়দ আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তায় যানবাহন কম থাকায় বাড়তি ভাড়া গুণতে হচ্ছে। নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত থেকেই নগরীতে কোমর পানি জমে যায়। কলোনীর সব ভবনের নিচ তলায় পানি ঢুকেছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ফরিদুল ইসলাম জানান, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুরো অক্টোবর মাসে মোট বৃষ্টিপাত হওয়ার কথা ২৪৬ মিলিমিটার। অথচ গত ২৪ ঘণ্টায়ই ১শ' মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফরিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা ভারি বর্ষণ ও স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট বেশি উচ্চতার জোয়ার হচ্ছে। নিম্নচাপটি শুক্রবার রাতে খুলনা উপকূল অতিক্রম করতে পারে। এতে সে সময় আরো বেশি উচ্চতার জোয়ারের আশংকা রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) জলাবদ্ধতা স্ট্যান্ডিং কমিটির প্রধান ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বছরের এসময়ে সাধারণত ভারি বর্ষণ হয় না। অস্বাভাবিক বৃষ্টি ও জোয়ারের কারণে নগরীর কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার রাত থেকে চারটি দলে মোট ১০০ জন কর্মী পানি অপসারণের কাজ করছে। পাশাপাশি উপকূলীয় ওয়ার্ডগুলোতে স্ট্রাইকিং দল এলাকাবাসীকে নিম্নচাপ সম্পর্কে সর্তক করার কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএডি/এইচএ/২০১৩ ঘ.