২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর 'পরকীয়ার' প্রতিবাদ করায় গা ঝলসে দেওয়ার অভিযোগ

কথিত পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রী গরম পানি ছোড়ে গা ঝলসে দিয়েছে বলে অভিযোগ করেছেন রাজধানীর যাত্রাবাড়ীর বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 06:15 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথিত পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রী গরম পানি ছোড়ে গা ঝলসে দিয়েছে বলে অভিযোগ করেছেন রাজধানীর যাত্রাবাড়ীর বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন খান। ঘটনার প্রায় ছয় মাস পর বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। ওই ঘটনায় মামলা করার পর যাত্রাবাড়ী থানা পুলিশ আসামীর পক্ষ নিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করছে বলেও দাবি করেন মামুন। অবশ্য পুলিশ অভিযোগ অস্বীকার করে বলেছে, মামুনের বিরুদ্ধে ইয়াবা সেবন ও নারী ব্যবসায় জড়িত থাকার প্রমাণ রয়েছে। মামুন জানান, যাত্রাবাড়ীর জুলেখা আকতার লিপিকে তিনি ১৯৯৯ সালের ১৭ অগাস্ট ভালবেসে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি অভিযোগ করেন, বিয়ের কয়েক বছর পর জানতে পারেন, যাত্রাবাড়ী থানার এক সোর্সের সঙ্গে তার স্ত্রীর অবৈধ সর্ম্পক রয়েছে। এ নিয়ে পরিবারে অশান্তি শুরু হয়। একপর্যায়ে ২০০৭ সালে তিনি সৌদি আবর যান। দু'বছর পর দেশে ফিরে জানতে পারেন স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে তার স্ত্রী নতুন করে সম্পর্ক গড়ে তুলেছে। এরই মধ্যে লিপি গোপনে স্থানীয় একটি ক্লিনিকে গর্ভপাত ঘটালে পারিবারিক বিরোধ আরো বেড়ে যায়। এ অবস্থায় গত ১১ এপ্রিল বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় দুই ভাইয়ের সহযোগিতায় লিপি তার গায়ে গরম পানি ঢেলে দেয়। এতে তার পুরো শরীর পুড়ে যায়। এ ঘটনার পর ১৩ এপ্রিল যাত্রাবাড়ী থানায় একটি মামলা করলে লিপিকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু পরে যাত্রাবাড়ী থানা পুলিশেরই সহযোগিতায় লিপি জামিনে বের হয়ে আসে বলে মামুন অভিযোগ করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের পাশাপাশি পুরুষ নির্যাতন প্রতিরোধে একটি আইন প্রণয়নেরও দাবি জানান মামুন। যাত্রাবাড়ি থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েটিফোর ডটকমকে বলেছেন, গরম পানিতে গা ঝলসে দেওয়ার অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় মামুনের স্ত্রীসহ জড়িত অন্যদের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে মামুনের স্ত্রী লিপির কথিত সখ্যতা পুরোপুরি ভিত্তিহীন দাবি করে ওসি আরো বলেন, "মামুন ও তার এক ভাই ইয়াবাসেবী। নারী ব্যবসার সঙ্গেও তারা জড়িত বলে প্রমাণ রয়েছে। গরম পানিতে গা ঝলসে দেওয়ার ঘটনায় তার প্রতি সহনাভূতি রয়েছে। কিন্তু কোনো অপরাধে জড়িত থাকলে তো তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/০০১০ ঘ.