সুনামগঞ্জ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের ছাতক উপজেলায় ডায়রিয়ার আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এরা হলেন- উপজেলার চরমহল্লা ইউনিয়নের মাটিয়ারচর গ্রামের আবদুল হেকিম (৩৮) ও তার ভাতিজি হালিমা বেগম (৫)।
হালিমা বেগম বৃহস্পতিবার দুপুরে এবং আবদুল হেকিম ভোররাতে উপজেলার কৈতক স্বাস্থ্য কেন্দ্রে মারা যান।
এই পরিবারের আরো ছয়জন কৈতক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে।
কৈতক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি হলে দুজনকে সিলেটে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু আর্থিক সমস্যা থাকায় তারা সিলেট যেতে পারেননি।
তিনি বলেন, "স্বাস্থ্য কেন্দ্রে আমরা তাদের চিকিৎসা দেওয়ার পরও বাঁচাতে পারিনি। ডায়রিয়ায় আক্রান্তওই পরিবারের আরো ছয়জনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।"
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মওলা জানান, ডায়রিয়ায় মৃত্যু ও আক্রান্ত হওয়ার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০০ ঘ.
bdnews24