২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় গণপিটুনিতে ডাকাত নিহত

গাইবান্ধা সদর উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহত ও অপর এক ডাকাত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 09:51 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

গাইবান্ধা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহত ও অপর এক ডাকাত আহত হয়েছে। এসময় ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছে পাঁচ গ্রামবাসী। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঝিনাশ্বর গ্রামের আব্দুস সোবহানের বাড়িতে ডাকাতির চেষ্টার সময় এ ঘটনা ঘটে। সদর থানার ওসি আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছয়-সাতজনের একটি ডাকাতদল সোবহানের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে।" ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ওই গ্রামের পাঁচজন আহত হয় বলে জানান তিনি। এদের মধ্যে মাহাবুব, রেজাউল ও রুবেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, জনতা দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়। পরে গ্রামবাসীর পিটুনিতে আটক তসলিম (৪৫) নিহত হয় ও ভুট্টো (৩০) নামে অপর এক ডাকাত আহত হয়। ভুট্টোকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তসলিমের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক মন্ডল বলেন, "দিনাজপুরে ডাকাতি, হত্যা ও অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা খেটে গত ৬-৭ মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে তসলিম।" তিনি জানন, জেল থেকে বেরিয়ে সে আবারো ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৫৫০ ঘ.