ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর নাটাই গ্রামে দু'পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এই সংঘর্ষের সময় বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭০ রাউন্ড কাঁদানে গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। তবে তাদের নাম জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস জানান, বাজার কমিটি নিয়ে নাটাই গ্রামের মহসিন মিয়া ও চান্দ পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরে গ্রামের বিভিন্ন পরিবারের কয়েকশ' লোক দুই পক্ষের সমর্থনে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসআই ফেরদৌস জানান, সংঘর্ষের সময় ২০-২৫টি ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাটের শিকার হয়।
খবর পেয়ে দাঙ্গা পুলিশ গিয়ে ৪৬ রাউন্ড রাবার বুলেট ও ২৪ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24