খুলনা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকম) - খুলনার দাকোপ উপজেলায় বজ্রপাতে ও নৌকাডুবিতে দুজন মারা গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ঝড়খালী ও সুন্দরবনের কুদিখালী এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝড়খালীর কমলেশ তরফদার (২৬) ও সুতারখালীর অহিদুল মোড়ল (৩৮)।
দাকোপ থানার ওসি আহসান হাবিব সাংবাদিকদের জানান, দুপুর সাড়ে ১২টায় উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের ঝড়খালী গ্রামের গোবিন্দ তরফদারের ছেলে কমলেশ তরফদার ঝড়-বৃষ্টির মধ্যে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
অপরদিকে দুপুর ১২টার দিকে অহিদুল সুন্দরবনের কুদিখালী বনবিভাগের কাছে পশুর নদীতে জাল পেতে মাছ ধরছিলেন। এ সময় বাতাস ও তীব্র স্রোতে তার নৌকাটি ডুবে যায়।
তার সঙ্গী শামছুর রহমান সরদার সাঁতরে তীরে উঠতে পারলেও অহিদুল ডুবে যান। পরে অন্য জেলেরা নদীতে ভাসমান অহিদুলের লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০১ ঘ.
bdnews24